রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম ও সদস্যসচিব লেমনকে অব্যাহতি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম (সেলিম) ও সদস্যসচিব মো. আশিক-উল ইসলাম (লেমন)–কে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে তারিকুল ইসলাম খান লোহানীকে (সোহাগ) দায়িত্ব দেওয়া হয়েছে।

২৩ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেনাহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা নেতৃবৃন্দকে অবহিত না করে এখতিয়ারবহির্ভূতভাবে উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় দপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব না দেওয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম খান লোহানীকে (সোহাগ) ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় ডিমলা উপজেলায় আবু বক্কর সিদ্দিক ও সোহাগ খান লোহানীকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর