চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আব্দুল আউয়াল ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ইউএনওর ড্রাইভার’ নামে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। তবে রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে উপজেলা-সংলগ্ন হলদেগাছী এলাকায় তাঁর মরদেহের পাশে একটি দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল দেখতে পান।
খবর পেয়ে ভোলাহাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে।
এই বাংলা/এমএস