রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নাটোর হাসপাতালে অনুপস্থিত চিকিৎসক-স্টাফদের শোকজের নির্দেশ হুইপ দুলুর

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের সেবা না দিলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং প্রয়োজনে সাময়িক বরখাস্তসহ (সাসপেন্ড) কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হুইপ দুলু। তিনি বলেন, সকাল ৮টার মধ্যে চিকিৎসক ও কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে পাওয়া যায়নি। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অনুপস্থিত ব্যক্তিদের শোকজ করতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের শয্যা ও জনবল সংকটের চিত্র তুলে ধরে দুলু বলেন, হাসপাতালটির অনুমোদিত শয্যাসংখ্যা ১০০ হলেও এখানে প্রায় ২৫০ শয্যার ব্যবস্থায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে প্রায় ৯০০ রোগী ভর্তি রয়েছেন। সীমিত জনবল এবং বরাদ্দ করা ওষুধ ও খাবার দিয়ে এত রোগীর সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ১০০ জনের জন্য বরাদ্দ খাবার ৯০০ জন রোগীর মধ্যে বণ্টন করতে গিয়ে অনেকেই খাবার পাচ্ছেন না। এ সংকটের দ্রুত সমাধানে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের অপরিচ্ছন্ন বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হুইপ দুলু। হাসপাতাল প্রাঙ্গণ ও বাথরুম সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি।

এ সময় নাটোরের জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর