রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ৭ তরুণ-তরুণী

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিরোজপুরে সাত তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদানের চেক দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ পুরস্কার ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে জানানো হয়, একই দিন সকালে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনলাইনে যুক্ত হয়ে শুরু হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিশেষ ক্যাটাগরিতে তিনজন এবং সাধারণ ক্যাটাগরিতে ১৫ জন তরুণ স্বেচ্ছাসেবককে পুরস্কার ও অনুদান দেওয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরের জেলা পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন উপজেলায় সমাজসেবায় বিশেষ অবদান রাখা সাতজন নির্বাচিত তরুণ স্বেচ্ছাসেবকের হাতে অ্যাওয়ার্ড ও অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী তরুণদের মেধা ও দক্ষতার বিকাশ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুর্যোগ ও সামাজিক সমস্যা মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “তরুণ সমাজই একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তরুণদের তাঁদের নিজস্ব যোগ্যতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রথমে আত্মনির্ভরশীল হতে হবে এবং পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন ও নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত তরুণ স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবকেরা জানান, রাষ্ট্রীয় পর্যায়ে এ স্বীকৃতি তাঁদের ভবিষ্যতে আরও নতুন উদ্যোগের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর