শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হরিরামপুরে মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কান্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে কান্ঠাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মাথায় কয়েকটি সেলাই দিয়েছেন।

আহত কৃষ্ণ কুমার রায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে। কান্ঠাপাড়া বাজারে তাঁর একটি গ্রিল ওয়ার্কশপ রয়েছে।

স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, বাজারের একটি কাঠের দোকানের সামনে থাকা কাঁঠালগাছে মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের জেনারেটরের ক্যাবল পেঁচিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে কাঠের দোকানদার কবির আপত্তি জানালে কৃষ্ণের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কৃষ্ণ কবিরকে ঘুষি মারেন বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন।

পরে বাজারের ব্যবসায়ীরা বিকেলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পর কৃষ্ণের ওয়ার্কশপে গিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

পাশের গ্রিল ওয়ার্কশপের দোকানদার এলেম কাজী বলেন, বহলাতলী এলাকার কয়েকজন ব্যক্তি লোহার রড ও কাঠ দিয়ে কৃষ্ণকে মারধর করেন। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে আহত কৃষ্ণকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হরিরামপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ওষুধ ব্যবসায়ী স্বপন কুমার রায় বলেন, ক্যাবল রাখা নিয়ে কৃষ্ণ ও কবিরের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। কৃষ্ণ কবিরকে ঘুষি মেরেছেন বলে তিনি শুনেছেন। পরে কৃষ্ণের দোকানে গিয়ে তাঁকে মারধর করা হয়। তবে হামলায় কারা জড়িত, তা তিনি নিশ্চিত নন।

কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার জানান, ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিমেষ বলেন, আহত কৃষ্ণকে হাসপাতালে আনার পর তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসআই জয়নাল আবেদিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে রয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর