মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পুলিশ, আনসার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযান চলাকালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস