ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকতা স্কুলে ক্লাস চলাকালে প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী, যিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, তাঁদের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয় চলাকালে ওই শিক্ষক দম্পতির মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও চুল টানাটানিতে গড়ায় বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে ঘটনাটি দেখতে ভিড় করে। এতে পাঠদান ব্যাহত হয় বলে জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর দাবি, বিদ্যালয় প্রাঙ্গণে এর আগেও ওই শিক্ষক দম্পতির মধ্যে ঝগড়া হয়েছে। বুধবারের ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে তারা জানায়।
ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলে। তাই শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ বজায় রাখা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানা গেছে। তবে সহকারী শিক্ষিকার বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকাবাসী ও অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বাংলা/এমএস