টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভারড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রবিউল আউয়াল লাভলু বলেন, ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহ করা হলে প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রকৃত উপকারভোগীদের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বাংলা/এমএস