মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা মাধ্যমিক ব্যানবেইস কর্মকর্তা শাহানুর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও প্রভাষক আবুল কাশেম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মাধব চন্দ্র রায়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা, আগাম সতর্কবার্তা অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উদ্ধারকৌশলবিষয়ক সচেতনতামূলক মহড়া বা মক ড্রিল প্রদর্শন করা হয়। এতে জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, নিরাপদে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের কৌশল তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর