সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লোহাগাড়ার ঐতিহ্যবাহী গুপ্তবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ার প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যবাহী পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন পূজামণ্ডপ প্রথমবারের মতো একসঙ্গে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তাঁদের পরিদর্শনে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন আয়োজকেরা। এদিকে উপজেলার ৭০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম পদুয়া গুপ্তবাড়ি এবং পদুয়া হিন্দু বড়পাড়া বাসুদেববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা আয়োজকদের সঙ্গে কথা বলে পূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

আয়োজকদের দাবি, প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যবাহী গুপ্তবাড়ি পূজামণ্ডপে জেলার শীর্ষ দুই কর্মকর্তার একসঙ্গে পরিদর্শনের ঘটনা এবারই প্রথম।

পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি ভ্রাম্যমাণ টহল, সাদাপোশাকে নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে জেলা ও কেন্দ্রীয় সাইবার ইউনিট কাজ করবে। মাদকসংশ্লিষ্ট অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধেও বাড়তি নজরদারি রাখা হবে।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের শক্তি ও গৌরব। দুর্গাপূজার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি প্রতিমা মণ্ডপে আনা থেকে শুরু করে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের পালাক্রমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পূজামণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পূজা উদ্‌যাপন পরিষদের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক দুটি এতিমখানার শিশুদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অতনু গুপ্ত ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের একসঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে তাঁরা আনন্দিত ও আশ্বস্ত। প্রশাসনের তৎপরতা ও স্থানীয় মানুষের সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।

এই সম্পর্কিত আরো খবর