বেলাভূমি
— নিমু বড়ুয়া
আমি সাগরবেলাভূমি, আর তুমি দূরন্ত এক ঢেউ—
এসে আছড়ে পড়তে আমার বুকে, কেমন হতো বলো?
আমার শীতল গহ্বরে তোমাকে জড়িয়ে ধরে রাখতাম,
কখনও যদি হারাও, এমনি সুখস্মৃতি হয়ে থেকো।
আমি হারাতে চাই তোমার অমৃত গভীরে,
নিথর মরুভূমি হয়ে রব আমি…
তুমি উচ্ছ্বল সরীসৃপের মতো বেয়ে উঠবে,
অতলে হারিয়ে যাবে।
তোমার দূরন্ত দংশনে ক্ষতবিক্ষত করে দেবে সব,
বেদনায় নীল হব নিবিড় সেই দংশনে।
আঘাতে আঘাতে সুখের অবগাহন—
তোমার অতলে আমি হারিয়ে যাব চিরতরে।
সুউচ্চ পাহাড়ের চূড়া স্পর্শ করে আবার
নদীগর্ভে তলিয়ে যাওয়া…
অতলান্ত মাদকতায় ডুবে থাকা
একান্তই তোমার হয়ে!
তীব্র শিহরিত আমি, আমার নীরব আত্মসমর্পণ—
সমর্পণের সুখ জমা আমার অন্তরে,
আর বন্য তুমি সুধাপানের আনন্দে বিভোর।
সমস্ত অবিমিশ্র সত্ত্বায় কি অস্থির অবাধ বিচরণ!
আমার নিংড়ানো ভালোবাসার তুফান,
পুরো পৃথিবী যেন দলিত বলিষ্ঠ তোমার—
অস্থির সঞ্চালনে,
তীব্র পুরুষত্বের বাঁধভাঙা জোয়ারে
প্লাবিত আমার বেলাভূমি।
আনন্দশ্রু গড়িয়ে পড়ে অবিরাম,
তোমায় পাওয়ার সুখ আজ বুকজুড়ে।
প্রবল নিশ্বাসের উষ্ণতায় আড়ষ্ট—
প্রাচুর্যতায় সমৃদ্ধ আমার যৌবনা বেলাভূমি।