বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলন’। পরিযায়ী পাখি সংরক্ষণ, পাখি শিকার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ডাহিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সহসভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মুফতি জাকারিয়া মাসউদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পরিযায়ী পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আবাসস্থল ধ্বংস, নির্বিচারে পাখি শিকার ও মানুষের অসচেতনতার কারণে এসব পাখি নানা ধরনের হুমকির মুখে পড়ছে।
তাঁরা আরও বলেন, পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, পাখি শিকার বন্ধ করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বক্তারা পরিযায়ী পাখি ও তাদের আবাসস্থল রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস