শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

চট্টগ্রামের বাঁশখালীতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ২০ শতক জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ভাতিজাসহ দুজনকে মারধর, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সরল ইউনিয়নের খালাইচ্ছ্যার দোকান এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তাঁরা। এ সময় জমি উদ্ধার, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস শুক্কুরের ভাতিজা ও হামলার শিকার এনামুল হক (২৬) বলেন, তাঁর চাচা শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় ১৮ বছর আগে কেনা তাঁর চাচার জমি স্থানীয় আব্দুর রহিম, হারুনুর রশিদ, মাহমুদুল্লাহ, মোস্তফা আলী ও আরিফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এনামুল হক আরও অভিযোগ করেন, জমি দখলের বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে ও মো. সেলিমকে মারধর করা হয় এবং তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুর রহিম ও তাঁর সহযোগীরা আগে এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপির সঙ্গে সখ্য গড়ে তুলে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, জমি নিয়ে বিরোধের সমাধান এবং হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তাঁরা প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার এবং আব্দুস শুক্কুরের জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর