নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলামকে (৫০) ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নলডাঙ্গা থানার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজান চলার একপর্যায়ে হঠাৎ তার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন দ্রুত মসজিদে ছুটে যান।
সেখানে গিয়ে তারা মসজিদের মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ব্যক্তিরা আজান দেওয়ার সময় তার পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর আহতের ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যান। সকাল আনুমানিক ৭টা ২৫ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত মোয়াজ্জিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে থানা পুলিশের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস