বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মোকামতলায় ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বগুড়ার মোকামতলায় নিষিদ্ধ ও গোপন সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মীর শাহে আলম বলেন, “লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক’শ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।”

তিনি আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে দেশের মানুষ সজাগ ও সচেতন উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। পরে জনগণের সমর্থনে দলটি সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।

মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর