স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মীর শাহে আলম বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তাই করা হবে।”
মীর শাহে আলম জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন হবে। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ওপর বিভিন্ন বিষয়ে দায় চাপানো বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বের অংশ। সরকার কোথায় ব্যর্থ হয়েছে, তা জনগণ বিবেচনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার সচেতন এবং বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সংকট কিছুটা কমেছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধানের জন্য আরও কিছু সময় প্রয়োজন।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস