মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাই স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরমাস্তুল হাই স্কুলসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে অবৈধভাবে মাটি ভরাটের সত্যতা পাওয়ায় ড্রেজারের মালিক মিজানুর রহমান জুমনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে এবং অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও ভরাট রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস