সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সেবা দিতে ‘চা-পানির’ টাকা চাইলে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি সেবা দেওয়ার নামে কেউ ‘চা-পানির’ টাকা চাইলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে এসব সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছানোর পথে মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যক্তিরা প্রতিবন্ধকতা তৈরি করছেন।

তিনি বলেন, ‘আর কোনো মা-বোনের হক নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। সরকার জনগণের জন্য যেসব সুবিধা প্রদান করে, সেগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে মানুষের কষ্ট ও সমস্যা অনেকটাই কমে যাবে। কিন্তু সুবিধাভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানোর মাঝখানে দায়িত্বে থাকা কেউ কেউ সমস্যা তৈরি করছেন।’

ফারজানা শারমিন পুতুল বলেন, কোনো মায়ের জন্য একটি কার্ড দেওয়ার ব্যবস্থা করা হলে মাঝখানের লোকজনকে ‘চা-পানি’ খাওয়ানোর ব্যবস্থা করতে হয়—এমন অভিযোগ পাওয়া যায়। এতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, ‘কেউ সেবা দেওয়ার নামে চা-পানির টাকা চাইলে তার নামসহ লিখিত অভিযোগ করবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু ওসি, ইউএনও কিংবা প্রশাসনের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সরকারি সুবিধা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সরকারি সুবিধা চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের কর্মকর্তা কিংবা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীদের যাচাই-বাছাই করে তাদের মধ্যেই সরকারি সুবিধা বিতরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মী যদি প্রশাসনকে অসহযোগিতা করেন, তাহলে আপনারা আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়ার অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি, নদী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে উপজেলা মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

পরে তিনি বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতাল চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন। দিনের শেষ পর্যায়ে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর