শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের স্বজনদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নারী কণ্ঠে কথা বলে প্রথমে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডির নিয়ন্ত্রণ নেওয়া হতো। পরে ওই আইডির মালিকের পরিচিত প্রবাসীদের স্বজনদের সঙ্গে বন্ধুর পরিচয়ে যোগাযোগ করে ‘আকামার মেয়াদ শেষ’ হওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. সাজদার প্রামাণিকের ছেলে মো. কাউসার আলী (২০), মো. মিজানুর ওরফে বিশুর ছেলে মো. সোহাগ আলী (২৩) এবং মো. টুটুল প্রামাণিকের ছেলে মো. ইমন আলী (১৯)।

পুলিশের ভাষ্য, চক্রের সদস্যরা প্রথমে নারী কণ্ঠে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার আইডির নিয়ন্ত্রণ নিত। পরে হ্যাক করা বা নিয়ন্ত্রণে নেওয়া আইডি ব্যবহার করে ওই ব্যক্তির পরিচিত প্রবাসীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হতো।

পুলিশ জানায়, নিজেদের প্রবাসী ব্যক্তির বন্ধু পরিচয় দিয়ে স্বজনদের বলা হতো, বিদেশে থাকা ব্যক্তির আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্রুত ১ লাখ ২০ হাজার টাকা না পাঠালে বড় ধরনের সমস্যা হতে পারে—এমন ভয় দেখিয়ে টাকা দাবি করা হতো।

পুলিশের দাবি, চক্রটি প্রবাসীদের স্ত্রী, ভাইসহ পরিবারের বিভিন্ন সদস্যকে টার্গেট করত। পরে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা নেওয়া হতো।

লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাউসার আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের দাবি, টিনশেড ঘরের একটি কক্ষে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর