মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল দেশি-বিদেশি চক্র’: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে দেশি-বিদেশি একটি চক্র বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তবে নানা সংকট ও ষড়যন্ত্রের পরও বিএনপি ধ্বংস হয়নি; বরং আরও সংগঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বের হওয়া র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যা করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং আরও সংগঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা গ্রহণের পর আমি জেলখানায় চলে যাই। ওই সময় এরশাদ বাংলাদেশের অনেক এমপি-মন্ত্রীকে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিলেন। আর খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে রাস্তায় নেমে এসেছিলেন।’

২০০৭ সালের ওয়ান-ইলেভেন প্রসঙ্গে দুলু বলেন, ‘তখন খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছিল এবং তারেক রহমানকে মামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তারা ভেবেছিল বিএনপি এবার শেষ হয়ে যাবে। কিন্তু যত সংকটই আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে, খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার মাধ্যমে এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে।’

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরে উপরশহর মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর