মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকায় স্থানীয় কৃষক কুদ্দুস মিয়ার ফসলের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাত থেকে ভোরের কোনো একসময় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্য কোথাও হত্যার পর মরদেহটি নির্জন ওই জমিতে ফেলে রাখা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার আলামত সংগ্রহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই বাংলা/এমএস