বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। বুধবার (২৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর এলাকার পৌর অডিটরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক সিনেট সদস্য মো. আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম শাকিল।

প্রধান অতিথি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই সাফল্যের শেষ ধাপ নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। কর্মজীবনে যে পেশাই বেছে নিক না কেন, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিকিৎসক ডা. মো. আমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদসহ অন্যরা।

বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের বিকাশ প্রয়োজন। শিক্ষাজীবন থেকেই শৃঙ্খলা, ভালো চরিত্র ও দায়িত্বশীলতার চর্চা করার ওপর গুরুত্ব দেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর