রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

হাটহাজারীতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাদকবিরোধী সচেতনতা ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম বলেন, মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনানুগ অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক সম্পৃক্ততাকেও গুরুত্ব দেওয়া হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি সমাবেশ নয়, এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার একটি সামাজিক অঙ্গীকার।” তিনি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের চাহিদা তৈরির সামাজিক ও পারিবারিক কারণগুলো চিহ্নিত করে তা মোকাবিলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের হাতে মাদক নয়—বই তুলে দিতে হবে; হতাশা নয়—স্বপ্ন দেখাতে হবে, অপরাধের পথ নয়—আলোর পথ দেখাতে হবে।”

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার, মাদকের চাহিদা কমানো এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। এতে পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর উপপরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ বড়ুয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এই বাংলা/এমএস
এই সম্পর্কিত আরো খবর