চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা মোকাবিলায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতালের হলরুমে আয়োজিত সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, রোগীদের সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের স্বার্থে বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি সেবা সচল রাখতে একটি আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য। পরে হাসপাতালের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. মিজানুর রহমান হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই দিনে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন ও বিভিন্ন এলাকায় গণসংযোগও করেন।
এই বাংলা/এমএস