শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ইউএনও পরিচয়ে সাটুরিয়ায় প্রতারক চক্রের চাঁদা দাবি, ফেসবুকে সতর্কতা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোন করে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাটুরিয়া ভূমি অফিসের কর্মী সুজন আহমেদের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ‘সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা’ পরিচয় দিয়ে বলা হয়, “আমি তোমার ইউএনও স্যার, এটি আমার ব্যক্তিগত নম্বর। তুমি এখন কোথায় আছো?”

সুজন আহমেদ বাসায় থাকার কথা জানালে তাকে দ্রুত বাজারে গিয়ে সাটুরিয়ার কাঠের মিল (স’মিল), বড় ভোজ্যতেল ব্যবসায়ী ও বড় ওষুধের দোকানের তালিকা এবং তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠাতে বলা হয়।

ইউএনওর নির্দেশ মনে করে সুজন আহমেদ সরল বিশ্বাসে ওই তথ্য সংগ্রহ করে প্রতারক চক্রের দেওয়া নম্বরে পাঠান। পরে চক্রটি ওই ব্যবসায়ীদের ফোন করে নিজেদের ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করতে শুরু করে।

চাঁদা দাবির বিষয়টি কয়েকজন ব্যবসায়ী সুজন আহমেদকে জানালে তাঁর সন্দেহ হয়। পরে তিনি ইউএনওর পিএস রাহাতের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর তিনিও প্রতারক চক্রের কর্মকাণ্ড বলে সন্দেহ করেন।

এরপর সুজন আহমেদ সরাসরি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে গিয়ে বিষয়টি অবহিত করেন। ঘটনা শুনে ইউএনও নিশ্চিত করেন, তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র এ ধরনের প্রতারণা করছে।

ঘটনার পর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্র ইউএনওর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএনওর একমাত্র অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৩-৩৫৩৩১৭। এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ইউএনও বা তাঁর কার্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা নির্দেশ দেওয়া হয় না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ফোনকল বা আর্থিক দাবির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক ফোন পেলে যাচাই না করে টাকা বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।রোধ জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর