সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

চিকিৎসাসেবার মানোন্নয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন, পরিচালনা কমিটির মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের দুর্ভোগ কমানো এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

সোমবার (১৭ আগস্ট) হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন পরিচালনা কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি। তাঁর সঙ্গে ছিলেন পরিচালনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ময়মনসিংহ মহানগর ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা আধুনিকায়নে গুরুত্ব

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও অপারেশন থিয়েটারের সক্ষমতা বাড়ানোসহ চিকিৎসাসেবা আরও আধুনিক ও রোগীবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও শয্যা নিশ্চিত করা, টিকিট কাউন্টার, ওষুধ সরবরাহ ও ডায়াগনস্টিক সেবায় হয়রানি কমানো এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

হাসপাতালের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে ওয়ার্ডের পরিচ্ছন্নতা, টয়লেট, পানি ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করা এবং ভবন ও চিকিৎসা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও কঠোর নজরদারির কথা জানানো হয়।

পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি বলেন, “মানুষ চিকিৎসা নিতে এসে যেন আর হয়রানির শিকার না হয়। হাসপাতাল হবে রোগীবান্ধব। আমরা অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেব।”

সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, “ময়মনসিংহ মেডিকেল শুধু একটি হাসপাতাল নয়, এটি ৮-১০টি জেলার মানুষের শেষ ভরসা। তাই এর সেবার মান বাড়াতে আমরা কোনো আপস করব না।”

রোগী ও স্বজনদের সঙ্গে কথা

মতবিনিময় শেষে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হাসপাতালের মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, ওষুধ, শয্যা ও খাবারসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নেন।

রোগীদের কেউ দীর্ঘ লাইনের সমস্যা, কেউ ওষুধের সংকট এবং কেউ দালালদের উৎপাতের অভিযোগ তুলে ধরেন। পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এসব সমস্যা নোট করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের কাজ শুরু হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করা হবে। একই সঙ্গে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিয়ে থাকে। ময়মনসিংহের পাশাপাশি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালের চিকিৎসা ও ব্যবস্থাপনার মান উন্নত হলে বৃহত্তর ময়মনসিংহের বিপুলসংখ্যক মানুষ উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর