সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

নকলায় সাজাপ্রাপ্ত তিন আসামির মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

নকলা (শেরপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেরপুরের নকলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন ব্যক্তির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশ।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. মনসুর আলীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান তারা, বিএনপি নেতা অ্যাডভোকেট এ কে এম আকরাম হোসেন এবং নকলা হাজী জাল মামুদ কলেজের সাবেক প্রভাষক এস এম আনিসুজ্জামান ফারুকের মুক্তির দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে মো. মনসুর আলী বলেন, ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি তালিকায় ওই তিনজনসহ ৬০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তৎকালীন রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মধ্যে ওই তালিকায় স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, তালিকায় থাকা অনেক ব্যক্তিকে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে চেনেন। মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকার, আলবদর বা অন্য কোনো সহযোগী বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন—এমন তথ্য তার জানা নেই। এ কারণে ওই তালিকার যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

মনসুর আলী আরও বলেন, পরবর্তী সময়ে তালিকাভুক্ত কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। এসব মামলার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক, পারিবারিক ও ব্যক্তিজীবনে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। বর্তমানে তিনজন যাবজ্জীবন সাজা ভোগ করছেন এবং বয়সজনিত নানা শারীরিক সমস্যায় রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ ব্যক্তি মামলার শিকার হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর মর্যাদা অক্ষুণ্ন রেখে প্রকৃত অপরাধীদের বিচার এবং নিরপরাধ ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর