রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ’ ও ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়সংলগ্ন বারনই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মাছের উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বারনই নদী ও হালতি বিল এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং উপজেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর