বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে ৩২১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা উপকরণের সংকট কিছুটা কমানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার। তিনি বলেন, স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, অর্থনৈতিকভাবে অসচ্ছল অনেক পরিবারের সন্তানদের জন্য খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা কঠিন হয়ে পড়ে। ফলে এ ধরনের সহায়তা তাদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষকদের মতে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে শিক্ষা সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের।