সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) সকালে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান ও শুকুর মির্জাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে নিঃস্বার্থভাবে দেশের ও সাধারণ মানুষের জন্য যারা কাজ করেন, তারাই প্রকৃত জিয়ার সৈনিক।
তিনি মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আয়োজক রাজিব আহমেদ মাসুম বলেন, চলনবিলের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এ পোনা অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, চলনবিলের উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় জলজ সম্পদ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর নজরদারি ও সচেতনতা বাড়ানোর দাবি জানান তারা।
এই বাংলা/এমএস