কুড়িগ্রাম প্রতিনিধি :
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আত্মত্যাগের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মোসলেমা বেগম মিলি কায়কোবাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সমন্বয়ক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস শ্রদ্ধা, স্মরণ ও নতুন বাংলাদেশের প্রত্যয়ের মধ্য দিয়ে পালিত হয়।
এই বাংলা/এমএস
টপিক