সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

হাটহাজারীতে ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি :

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাটহাজারী পৌরসভা এলাকায় পর্যায়ক্রমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ যোগাযোগ উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (কাবিখা, কাবিটা ও টি.আর.)-এর ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে ফরহাদাবাদ ইউনিয়নে ২টি, মির্জাপুরে ৩টি, ফতেপুরে ৫টি, হাটহাজারী পৌরসভায় ২টি, মেখল ইউনিয়নে ২টি, উত্তর মাদার্শা ইউনিয়নে ৩টি, চিকনদণ্ডী ইউনিয়নে ৫টি, শিকারপুর ইউনিয়নে ১টি, দক্ষিণ মাদার্শা ইউনিয়নে ২টি এবং বুড়িশ্চর ইউনিয়নে ১টি সড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে উপজেলার বিভিন্ন এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অনেকটাই সমাধান হবে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। শহরের মতো গ্রামেও টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মানুষের দুর্ভোগ কমানো এবং শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি আরও বলেন, হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কাজ চলছে এবং ভবিষ্যতেও জনস্বার্থে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর