ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিদর্শনে ইউএনও, যুব উন্নয়নে জোর

পিরোজপুর প্রতিনিধি :

যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ ও সমাজ গঠনে সম্পৃক্ত করতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক।

সোমবার (৩ আগস্ট) কদমতলা ইউনিয়নে অবস্থিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে অতিথিরা এ আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, ২ নম্বর কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নাঈম মাহমুদ, জামায়াতের পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের সভাপতি আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আগামী ছয় মাসের জনকল্যাণমূলক ও যুব উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা অতিথিদের সামনে উপস্থাপন করা হয়। পরিকল্পনা পর্যালোচনা শেষে অতিথিরা সংগঠনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় ইউএনও মামুনুর রশীদ বলেন, “স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব। এ জন্য নিয়মিত সচেতনতামূলক সভা, সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানের একপর্যায়ে যুবদের খেলাধুলায় উৎসাহিত করতে ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় তরুণদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পরিদর্শন শেষে অতিথিরা সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনে তাদের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here