বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বহু মানুষ ঘরবাড়ি, ফসল ও জীবিকার ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম. শফিউল আজম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে মানবিক সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি সাইফুল ইসলাম শাকিল বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন রাঙ্গামাটি ইউনিটের কর্মকর্তা মাঈনুল ইসলাম পলাশ, আজীবন সদস্য নিজাম উদ্দীন বাবু, ওমর আলী, জাবেদুল আলাম, সেলিম উদ্দীন বাহারী ও অ্যাডহক কমিটির সদস্য আব্দুল আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলাম।
অনুষ্ঠান শেষে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

