নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে লালপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়াগামী সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর থানার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মো. আ. মোত্তালেবের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২) এবং একই গ্রামের মৃত বকুলের ছেলে মো. ফরহাদ আলী (২২)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

