সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে নাটোরের ঐতিহাসিক অর্ধবঙ্গেশ্বরী রাণী ভবানীর রাজপ্রাসাদ চত্বরে অবস্থিত শ্রীশ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির ও রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

উদ্বোধনের পর শ্রীশ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে একাধিক রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে সকাল থেকে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। শহরের অন্তত ১০টি রথযাত্রায় বিপুলসংখ্যক নারী-পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণ ভক্ত-অনুসারী অংশ নেন। তারা জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথের দড়ি টেনে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও শোভাযাত্রার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর