নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও অভিযুক্ত ছিনতাইকারী মো. জনিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ। পরে আদালতের আদেশে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পল্টন লাইন এলাকার বাসিন্দা মো. জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসেবন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আজিমপুর কবরস্থানের পাশের সড়কে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তিনি। দুই দিন আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
আজিমপুর সুপার মার্কেট কর্তৃপক্ষ জানায়, এর আগেও জনির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি কবরস্থান মার্কেটের নৈশপ্রহরীকে মারধরসহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
মার্কেটের ব্যবসায়ী ও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, জনি পথচারীদের জোর করে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে মারধরের পর তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যরাও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। তবে তারা তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।
জানা গেছে, বিষয়টি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানের নজরে আনা হলে তাঁর নির্দেশনায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।
পরে জনিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
জনির গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এবং ওসি মো. ইয়াসিন আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন দ্রুত পদক্ষেপ জনমনে আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

