বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ১০ দিন পর ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো গোপালপুর গ্রামের আল আমিনের মেয়ে আফসানা (১৩) এবং এরশাদ আলীর মেয়ে আশা মনি (১১)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন এক বান্ধবীর প্ররোচনায় চাকরির খোঁজে ঢাকায় যায় আফসানা ও আশা মনি। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে দুই পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।
পরে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহায়তায় মিরপুরের একটি সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
১০ দিন পর সন্তানদের সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা। তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ প্রশাসন ও উদ্ধারকাজে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।

