রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

চাটখিলে অর্ধগলিত ও পোড়া লাশ উদ্ধার, যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীপোল সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি পুড়িয়ে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীপোল এলাকার ঝোপে ফেলে যায়। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “লাশটি পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।”

এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর