পঞ্চগড়ে নেসকোর অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু

অবহেলার অভিযোগে সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন আলম (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি’র অবহেলার অভিযোগ উঠেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের জয়নুল হকের ছেলে। তিনি নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে নেসকোর একটি দল মেরামতের কাজে যায়। এ সময় শাহীন আলম মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন।

স্থানীয়দের দাবি, প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি বিদ্যুতায়িত অবস্থায় ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, ১১ হাজার ভোল্টের লাইনে কাজ চলাকালীন কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন এবং বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে এসে তদন্ত ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্বজনরা অবরোধ তুলে নেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধের পর শাহীন আলমকে উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here