কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ

0
39
উলিপুরে ৭০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও স্বাস্থ্যসেবা দিল ‘কাগজবাড়ি’ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৭০০ শিক্ষার্থীর মুখে হাসি ফোটালো ‘কাগজবাড়ি’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ‘মায়ের ভাষা অন্তরে, শিক্ষা-স্বাস্থ্য সবার তরে’—এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের অন্তত ৭০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

এদিন উলিপুর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের জন্য ল্যাপটপ প্রদান করা হয়। এই ল্যাপটপের মাধ্যমে ‘কাগজবাড়ি’র প্রতিনিধিরা সারা বছর শিক্ষার্থীদের বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। ‘মেডিকো বায়ো’-এর সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও ‘আলোর কাফেলা’ সংগঠনের সভাপতি বিপ্লব আনসারী, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস উলিপুর উপজেলার কমিশনার মুহা. রফিকুল ইসলাম আনসারী, নওয়াব বেনু ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক এনামুল হক এবং দৈনিক যুগান্তরের উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে নার্গিস ফাতিমা তোকদার বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও বছরব্যাপী স্বাস্থ্যসেবা প্রদানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে গ্রামীণ স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিক্ষাসামগ্রীর অভাবে তাদের পড়াশোনা আর বন্ধ হবে না। তিনি শিক্ষার্থীদের সৎ থাকা, সময়ের মূল্য দেওয়া এবং দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিজেও এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতাভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

কাগজবাড়ি ইডিটেকের পরিচালক মোঃ জাহিদ আনোয়ার বলেন, আমরা উলিপুরের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি। এই কার্যক্রম আমরা পুরো কুড়িগ্রামে ছড়িয়ে দিতে চাই।

প্রতিষ্ঠানের আন্তর্জাতিক গণসংযোগ কর্মকর্তা নুর এ আব্দুল্লাহ হামদি জানান, কাগজবাড়িকে বিদেশের মাটিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাষার মাসে বিশ্বের ২১টি দেশে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে। এছাড়া প্রতি বছর একজন শিক্ষার্থীকে বিদেশে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ করে দেবে প্রতিষ্ঠানটি।

সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম খন্দকার বলেন, শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা ও স্বাস্থ্যগত সুযোগ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত। তাদের জন্য কাগজবাড়ি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘মেডিকেল হেলথ ক্যাম্প’ পরিচালিত হয়। পাশাপাশি হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। সবশেষে শিক্ষা ও স্বাস্থ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আলোর কাফেলা’ সংগঠনের পক্ষ থেকে ‘কাগজবাড়ি’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here