বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি সড়ক সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির প্রায় তিন হাজার কেজি কাঁচামাল (পিপিই দানা) এবং ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে অংশ নেওয়া বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব জানান, “একই স্থানে কাঁচামাল ও প্রস্তুত নিষিদ্ধ পলিথিন পাওয়া গেছে, যা গোপনে পলিথিন উৎপাদনের জোরালো সন্দেহ তৈরি করছে। তবে অভিযানকালে কারখানার কোনো কর্মকর্তা বা কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।”
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন, “নিষিদ্ধ পলিথিন উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কারখানার মালিক মো. জিয়া উদ্দিন জব্দকৃত পলিথিন ও কাঁচামালের বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের কারখানায় অনুমোদন অনুযায়ী শুধুমাত্র বৈধ প্লাস্টিক পণ্য তৈরি করা হতো। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন কারখানায় কিভাবে এলো তা সম্পর্কে আমরা কোনো সদুত্তর দিতে পারি নি।”
এই বাংলা/এমএস
টপিক

