নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির সদস্য সচিব অধ্যক্ষ এস এম জার্জিস কাদিরের নিজ গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিলেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত ১০-১২ জন এনসিপি সমর্থক তাদের কিছুটা দূরে গিয়ে পিকনিক করার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা এনসিপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ রয়েছে। হামলার সময় সুলতান নামে এক এনসিপি কর্মীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এই বাংলা/এমএস
টপিক

