বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে আমাদের শ্রীমঙ্গল’ প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
বুধবার (২৫ নভেম্বর) শ্রীমঙ্গলের উত্তরসুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে সম্মিলিত সনাতনী সমাজ, শ্রীমঙ্গলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক উদ্যোগ ও সমন্বয়ে ছিলেন সংগঠনটির মুখপাত্র যোশেফ দাশগুপ্ত (যশো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিশেষ অসুবিধার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে মৃদঙ্গবাদন ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে প্রধান অতিথি বিজন কান্তি সরকার ও তাঁর স্ত্রীকে উত্তরীয় পরিয়ে ঐতিহ্যবাহী রীতিতে বরণ করে নেন আশ্রমের ভক্তবৃন্দ ও উপস্থিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার শ্রীমঙ্গলের সম্প্রীতিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন। জগদ্বন্ধু আশ্রম ও মিশনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক এবং সম্মিলিত সনাতনী সমাজের মুখপাত্র যোশেফ দাশগুপ্তের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও স্মার্ট শ্রীমঙ্গল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতেও শ্রীমঙ্গল আসার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী তাঁর বক্তব্যে শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ ও সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও ঐক্যের চর্চা অব্যাহত রাখতে হবে। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে সম্মিলিত সনাতনী সমাজের মুখপাত্র ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত (যশো) বলেন, শ্রীমঙ্গল শুধু একটি জনপদ নয়; এটি নানা ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের সম্মিলিত বসবাস, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানকার বৈচিত্র্যই শ্রীমঙ্গলের সৌন্দর্য ও শক্তি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, বিভেদ ও বিদ্বেষ নয়, ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সম্মিলিত সনাতনী সমাজের এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানো এবং শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করা। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রীতি, সহাবস্থান ও সব নাগরিকের সমান মর্যাদার প্রসঙ্গ তুলে ধরে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির স্ত্রী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সুজন শীলসহ সম্মিলিত সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নাগরিক, আশ্রমের ভক্তবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকেরা জানান, শ্রীমঙ্গলের বহুত্ববাদী সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের চর্চাকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস