বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশনের জন্য বাছাই ১১০ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

অর্থের অভাবে যেন কারও চোখের চিকিৎসা ব্যাহত না হয়—এমন উদ্যোগে নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে প্রায় ৭০০ মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১১০ জনকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহর উদ্যোগে এবং খুলনার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসকেরা ডিজিটাল মেশিনের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পরীক্ষা শেষে ছানি অপারেশনের উপযোগী ১১০ জন রোগীকে বাছাই করা হয়। তাঁদের অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করবে সহযোগী হাসপাতালটি। এ ছাড়া চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে রোগীদের চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে ডা. মনোজ কুমার দাশ, চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ১০ সদস্যের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বড়দিয়া শাখা উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর রায়, পুষ্পেন রায়, শিকদার আনিচুর রহমান, সিরাজুল ইসলাম শিমুল, শেখ সুলতান ও বিধান চন্দ্র দাশ প্রমুখ।

চোখ পরীক্ষা করাতে আসা দিপালী দাশ ও নুর ইসলাম বলেন, বাড়ির কাছেই বিনামূল্যে চোখ পরীক্ষা করানোর সুযোগ পেয়ে তাঁরা খুশি। এ ধরনের উদ্যোগের ফলে আর্থিক সংকটের কারণে যাঁরা চিকিৎসা নিতে পারেন না, তাঁরাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।

স্থানীয় কয়েকজন জানান, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসার এমন উদ্যোগ দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা অসচ্ছল মানুষের জন্য আশার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে ছানি রোগীদের অপারেশনের ব্যবস্থা হওয়ায় অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবেন।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৭০০ মানুষ এ ক্যাম্পে চোখ পরীক্ষা করিয়েছেন। তাঁদের মধ্যে ১১০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল তাঁদের অপারেশন ও সংশ্লিষ্ট চিকিৎসার ব্যয় বহন করবে। পাশাপাশি নিজের অর্থায়নে রোগীদের চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর