জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় দেখা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশন ও মেসার্স আফতাব ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানান, ডিপো থেকে তেলের সরবরাহ বা কোনো সংকটের বিষয়ে তারা কোনো নির্দেশনা পাননি। তবে গুজবের কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, সারা দেশের জন্য সরকারের প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। তেলের সংকটের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার ও ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, একটি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতির ওপর প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং বিকেলে ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।