ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়ায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলজার মিয়া (৪৬) সরাইল থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা লোহার রড, রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে গোলজার মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত বাইজিদের নির্দেশে হামলাকারীরা ওই বাড়িসহ আশপাশের আরও অন্তত ৮টি বসতঘরে হামলা চালায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একাধিক বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান ও মজনু মিয়া বলেন, “এটি গুরুতর অপরাধ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগীর ভাই মহসিন বলেন, “আমরা নিরীহ মানুষ। যেকোনো সময় তারা আবার হামলা চালাতে পারে—এই আতঙ্কে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ভুক্তভোগীর মেয়ে তাহমিনা অভিযোগ করে বলেন, “এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা করেছিলাম। সেই মামলার জের ধরেই আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি ভেঙে সবকিছু লুট করে নিয়ে গেছে।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দরজা-জানালা, বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় এক লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, কানের দুল, হাতের চুড়ি, কম্বল, ড্রয়িং টেবিল, সুটকেস ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল ত্যাগের সময় মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে সরাইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

