
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা এলাকায় স্থানীয় মৌজা প্রধান, কার্বারী, জনপ্রতিনিধি ও গ্রামভিত্তিক মারমা মহিলা সমিতির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় যোগ্যাছোলা হেডম্যান পাড়া প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অংগ্য মারমার সঞ্চালনায় এবং মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক থোয়াই অংগ্য মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, পরিষদের সদস্য সাথোযাইপ্রু চৌধুরী, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, গুইমারা উপজেলা মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইরেপ্রু মারমাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও মারমা যুব ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী, সমাজসেবক এবং মারমা মহিলা সমিতির নেত্রীরাও সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, যোগ্যাছোলা এলাকায় মারমা ঐক্য পরিষদের নেতাকর্মীরা দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে নানা ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। ভবিষ্যতে ত্যাগী ও নিবেদিত কর্মীদের নেতৃত্বে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ডসহ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মারমা জনগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা প্রসার, ক্লাব ও লাইব্রেরি স্থাপনসহ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।
এই বাংলা/এমএস
টপিক
