সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড় এলাকায় জার্মান প্রবাসী জালালুদ্দিন রুমির বাসভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালুদ্দিন রুমি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ্দোজা জামান (বদু) এবং উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তাজিমুল হাসান কায়েস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সর্দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আলোচনায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবেন।
আলোচনা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়। অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই বাংলা/এমএস
টপিক

