গনভোটে হ্যা ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মক্ত হবে: আসিফ নজরুল

0
143
গাইবান্ধায় গণভোট নিয়ে মতবিনিময়ে উপদেষ্টা আসিফ নজরুল, বক্তব্যকালে উত্তেজনা / ছবি - এই বাংলা

গাইবান্ধা প্রতিনিধি :

 

বাংলাদেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে।

সোমবার বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের জন্য একটি পরিকল্পিত ও নতুন রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন, যেখানে কোনো ব্যক্তির খামখেয়ালি সিদ্ধান্ত চলবে না। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক গণআন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মা–বাবা, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তারা এসব ত্যাগ করেছে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে।

তিনি আরও বলেন, যারা আত্মত্যাগ করেছে তারা ফ্যাসিবাদের পুনরাগমন দেখার জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশায় এই ত্যাগ স্বীকার করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসির অধ্যক্ষ শামছুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ছাত্র-জনতা।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা আসিফ নজরুল বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের প্রচার গাড়ির উদ্বোধন করেন।

তবে সভা চলাকালে শহীদ হাদী হত্যার বিচার প্রসঙ্গ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি অংশের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হয়ে ওঠে। একপর্যায়ে উপদেষ্টা আসিফ নজরুল মঞ্চ ত্যাগ করে অনুষ্ঠানস্থল থেকে চলে যান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here